জাতিস্মর

by Adrita Kar on June 1, 2010 · 1 comment

in কবিতা,বাংলা,Creative,Poetry

এই কবিতা টা যাকে উদ্দেশ্য করে লেখা সে আমার এক দিদি। কিশোরী বয়েসে সে ভালবেসেছিল কাউকে……. কিন্তু সেই ভালোবাসার মানুষ টি তাকে ছেড়ে একদিন পাড়ি দিয়েছিল অন্য গন্তব্যে…… তারপর কেটে গেছে অনেক বছর…..আমার সেই দিদি চাকরি করছে…. কিন্তু আর বিয়ে করেনি…..আর কখনো কাউকে ভালবাসতে পারবে না তাই……. তবে আশ্চর্যের কথা এই য সেই মানুষটি পরে ফিরে আসে দিদির কাছে…… কিন্তু দিদি আর তাকে গ্রহণ করেনি…… বলেছিল ও আর সেই দিনগুলো মনে করতে চায় না….সে সময় টা ও এত কষ্টের মধ্যে দিয়ে পেরিয়েছে যে আবার ওখানে ফিরতে চায় না…….জানিনা ও ঠিক করেছে না ভুল করেছে……জানতেও চাই না….. তবে ওর কাছে গেলে, কথা বলে বুঝতে পারি যতই দিনের পিঠে দিন গড়িয়ে যাক……ওর কাছে সময় থেমে রয়েছে…….তাই ওর জন্য আমার এই কবিতা….

ওপার হতে ডাক দিয়েছ,গতজন্মের মত
বুকের ভিতর লালন করা আর্তনাদের ক্ষত….
মধ্যে দিয়ে বয়ে গেছে বিস্মরণের নদী…..
পার হতে কি পারব আবার?তলিয়ে যাই যদি?

একটি ছোট নৌকো বাধা স্মৃতির জীর্ণ ঘাটে…
ঘুমিয়ে আছে একটি রাখাল ভুবন ডাঙ্গার মাঠে
অযুত নিযুত আলোকবর্ষ ঘুমিয়েছিলেম হেথা
ঘুম থেকে ফের জাগিয়ে তোলে গহীন নীরবতা

গাংশালিকের ডানায় লেখা মূর্ত অভিমানে
নলেনগুড়ের গন্ধে কিংবা নূতন আমন ধানে
শীত কুয়াশা সেদিন আমার কান্না বয়ে নিয়ে…
কোন জগতে মিলিয়ে গেল আলের উপর দিয়ে,

তোমায় আমার পড়ে না মনে এই কথাটি জেনো
মনের মধ্যে সত্যি করে এই কথাটি মেনো
রৌদ্র গেল সন্ধ্যে হল শাঁখ বেজেছে দূরে
নৌকো বেয়ে চলল মাঝি ভাঁটিয়ালীর সুরে

অতীত তুমি যাও ফিরে যাও বিস্মরণের দেশে
নৌকো খানি ভাসিয়ে তোমার অমোঘ নিরুদ্দেশে
স্মৃতির ঘাটে থাক বাঁধা থাক আমার ছোট তরী
মধ্যেখানে থমকে থাকুক দিবস বিভাবরী।

{ 1 comment… read it below or add one }

Nipon June 3, 2010 at 2:33 AM

কবিতাটায় সময় থমকে গেছে… শুধু তাই নয়, পড়তে পড়তে আমিও যেন অন্য কোনও এক সময়ে পৌঁছে গেছি!

Reply

Leave a Comment