দেওয়ালে দেওয়ালে ঘৃণার কাব্য লিখি,
গোপনে যদিও তোমাকেই ভালবাসি….
নীরবে হৃদয় ব্যথাতুর জরজর,
তবুও ঘৃণার দমকে দমকে হাসি…..
জানিনা প্রেয়সী এ কেমন পাগলামো…
নখ দিয়ে ছিঁড়ি শংখচিলের ডানা।
তোমার অমোঘ শাস্তি নিয়েছি মেনে,
যদিও বাইরে মানছি না মানব না….
তোমাকে পোড়াবো তীব্র অ্যাসিড ঢেলে,
কদাকার করে দেব ওই প্রিয়মুখ,
শুধু রাতের গভীরে সরীসৃপেরা জানে…
তোমার সুখেই এখনো আমার সুখ
এই পোড়া দেশে অজন্মা আনি শুধু ,
স্লোগানে স্লোগানে মুষ্টিবদ্ধ হাত,
আকাশের গায়ে সিগারেট ছ্যাকা দিয়ে….
জোর করে লিখি নিষ্প্রদীপের রাত…
আকন্ঠ নেশা করে আমি পড়ে থাকি,
কন্যা ভ্রূনের গলিত শবের পাশে
তখন তোমার চাটুকার বন্ধুরা….
আমার প্রেমের করুন কাব্যে ভাসে
একদিন যদি বুঝতে মর্মব্যথা ,
আমার এ ভাঙ্গা দেউলে আসতে নামি…
ক্লান্ত লেখনী প্রশ্ন করত তবে….
আর কতকাল আগুন লিখব আমি?
{ 2 comments… read them below or add one }
Khoob Bhalo…one of the best Bengali poetry I read…
thanks